নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) শনিবার (৯ নভেম্বর) "জনমুখী পুলিশ সেবা নিশ্চিতকল্পে পুলিশ কমিশন গঠন ও অন্যান্য সংস্কারের প্রস্তাব" শীর্ষক সেমিনারের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে অনুষ্ঠিত এ সেমিনার এসআইপিজির চলমান জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুসমূহের উপর গবেষণা উদ্যোগের একটি অংশ। মূলত জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের পুলিশ প্রশাসনে সংস্কারের প্রয়োজনীয়তার ভিত্তিতে এ আয়োজন করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম. সাখাওয়াত হোসেন (অব.) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সিনিয়র সরকারি কর্মকর্তারা সরাসরি অংশ নেওয়ার মাধ্যমে আলোচনায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে।
বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল ড. এম. সাখাওয়াত হোসেন (অব.) তার বক্তব্যে প্রস্তাবিত সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন যে ‘আমাদের পুলিশ কমিশন গঠন করা জরুরি, ৮ আগস্টের পর আমি পুলিশ সদস্যদের সাথে কথা বলি, এই পুলিশ কমিশন গঠন তাদের সে সময়ের দাবি ছিল, তারা আর রাজনীতিকরণ এর অংশ হতে চায় না। এক “দানবিক পুলিশের” থেকে “মানবিক পুলিশ” গঠনের ক্ষেত্রে একটি স্বাধীন পুলিশ কমিশন অপরিহার্য। এছাড়াও আমার মতে পুলিশের নিয়োগ প্রক্রিয়া পুলিশ কমিশনের মাধ্যমেই হওয়া উচিত।’
সেমিনারের সঞ্চালনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির এসআইপিজি পরিচালক অধ্যাপক শেখ তৌফিক এম. হক, যিনি তার বক্তব্যে দেশের পুলিশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীরা এই পরিবর্তনে কি ভূমিকা পালন করতে পারে তা তুলে ধরেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম এবং পলিটিক্যাল সাইন্স এবং সোশিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইশরাত জাকিয়া সুলতানা এ সেমিনারে দেশের পুলিশ সংস্কারের একটি সম্ভাব্য রোডম্যাপ এবং একটি সম্ভাব্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা তুলে ধরেন।
আরও বক্তব্য রাখেন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাবেক স্বরাষ্ট্র সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস. এম. জহিরুল ইসলাম, পুলিশের ডিআইজি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. মাহবুবুল করিম। সেশনের সমাপনী বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
