সম্প্রতি শেষ হওয়া বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রিশাদ হোসেন। ১২ ম্যাচে ১৫ উইকেট নেওয়া রিশাদ এবারের মৌসুমে হোবার্ট হারিকেন্সের সর্বোচ্চ উইকেটশিকারি। সেই রিশাদকেই কিনা ছেড়ে দিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স!
পিএসএলে এবারের মৌসুমে নতুন দুটি দল যোগ হবে—হায়দরাবাদ ও শিয়ালকোট স্ট্যালিয়নজ। অর্থাৎ ছয় দল থেকে পিএসএল হবে এবার আট দলের। আসন্ন নিলামকে সামনে রেখে দল পুনর্গঠনের কাজ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের আগে সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখার সুযোগ আছে। রিশাদের ক্ষেত্রেই সেই সুযোগটি কাজে লাগায়নি লাহোর কালান্দার্স।
পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, লাহোরের ধরে রাখা খেলোয়াড়েরা হলেন- শাহীন শাহ আফ্রিদি (প্লাটিনাম), আব্দুল্লাহ শফিক (ডায়মন্ড), সিকান্দার রাজা (গোল্ড) এবং মুহাম্মদ নাঈম (সিলভার)। এদিকে রিশাদ বাদ পড়ায় বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। গত আসরে চ্যাম্পিয়ন হওয়া লাহোরের হয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছিলেন রিশাদ। দলের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে রেখেছিলেন বড় অবদান।
পিএসএলের ইতিহাসে এবার প্রথমবারের মতো ড্রাফটের বদলে নিলাম অনুষ্ঠিত হবে। আগের ১০টি আসরে ফ্র্যাঞ্চাইজি দলগুলো সর্বোচ্চ আটজন খেলোয়াড় ধরে রাখতে পারত। এবার সেটা ৪ জনে নামিয়ে আনা হয়েছে। লাহোর কালান্দার্স থেকে ছাড়া পাওয়ায় রিশাদ হোসেন আবার পিএসএল নিলামে অংশ নিতে পারবেন। বিশ্লেষকদের মতে, ভালো পারফরম্যান্সের কারণে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে আগ্রহী হতে পারে।
মেসিকে ফেরাতে আর্জেন্টিনার ক্লাবের মহা পরিকল্পনা
নেইমার ছাড়া ঝুঁকিতে ব্রাজিলের হেক্সা মিশন: রোমারিও