জাবিতে আন্দোলনকারীদের ওপর হামলায় ডিনসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৭:০১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদেরর ওপর সমাজবিজ্ঞান অনুষদের ডিন বশির আহমেদসহ হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শাস্তিসহ তিন দাবিতে মানববন্ধন হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

তাদের দাবিগুলো হলো— সমাজবিজ্ঞান অনুষদের ডিন বশির আহমেদসহ ১৪, ১৫ ও ১৭ জুলাই আন্দোলনকারীদের ওপর হামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকল শিক্ষককে তদন্ত চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে অব্যহতি প্রদান করতে হবে এবং অতিদ্রুত তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ও জুলাই গণহত্যায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর ক্লাস, পরীক্ষায় অংশগ্রহণ ও হলে পুনর্বাসনের বিরুদ্ধে প্রশাসন এর দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ ও দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ জাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার অন্যতম সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন,  ‘গত ১৪,১৫ ও ১৭ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু হামলার ঘটনার তিনমাস পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি নিয়ে তালবাহানা করছে। হামলাকারীদের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে রাস্তায় নামতে বাধ্য করেছে এই প্রশাসন। অতিদ্রুত আমাদের দাবিগুলো মেনে নিতে হবে না হলে আপনাদেরকেও টেনে নামানো হবে।’

নৃবিজ্ঞান বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘গত ১৫ জুলাই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কালো রাত্রি। ১৫ জুলাই এবং ১৭ জুলাই পুলিশ ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর জঙ্গি স্টাইলে হামলা চালায়। অনেক শিক্ষক, কর্মকর্তা এ হামলায় প্রত্যেক্ষ এবং পরোক্ষভাবে মদদ দিয়ে জড়িত ছিল। কিন্তু আমরা দেখতে পাই এই মদদদাতা ব্যক্তিরা বহালতবিয়তে বিশ্ববিদ্যালয়ে নিজেদের কার্যক্রম চালাচ্ছে। আমরা প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং এই শিক্ষকদের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেন। আমরা বিশ্ববিদ্যালয়ে আর কোনো গেস্টরুম, গণরুম কালচার চাই না। ছাত্র রাজনীতির নামে চাঁদাবাজী, ছিনতাই, টেন্ডারবাজির রাজনীতি চাই না। আমরা চাই সুষ্ঠু ধারার লেজুড়বৃত্তিমুক্ত ছাত্র রাজনীতি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত