গুলিস্তানে ছাত্রজনতার মারধরে আহত ৫ জন চিকিৎসা নিলেন ঢামেকে

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম

রাজধানীর গুলিস্তানে ছাত্রজনতার মারধরে আহত হয়ে অন্তত ৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরা হলেন রাজু আহমেদ মিরান (৫০), হৃদয় (২৫), রাসেল হায়দার (৪২), রাকিব (২৩) ও মোহাম্মদ আলী (৩৫)।

আজ রবিবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (অমিত বিশ্বাস) জানান, গুলিস্তান স্টেডিয়ামের পাশে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ায় ছাত্রজনতা মিরান ও হৃদয় নামে ওই দুইজনকে গণধোলাই দেন। পরে পুলিশে সোপর্দ করেন। তখন চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তারা শঙ্কামুক্ত। চিকিৎসা শেষে তাদের থানায় নিয়ে যাওয়া হবে।

বেলা সাড়ে ৩টার দিকে গুলিস্তান নুর হোসেন চত্ত্বর আওয়ামী লীগ সমর্থক রাকিব জয় বাংলা স্লোগান দিলে বৈষমবিরোধী ছাত্ররা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা তাকে গণপিটুনি দেন। পরে শাহবাগ থানার এসআই হারুন অর রশিদ তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে আসে।

একই স্থানে গণধোলাইয়ের শিকার হন রাসেল হায়দার। তিনিও আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ায় গণধোলাইয়ের শিকার হন। পরে শাহবাগ থানার এসআই রায়হান তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

গুলিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অফিসের সামনে মারধরের শিকার হন মোহাম্মদ আলী। তিনি দৈনিক গণকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার। পেশাগত কাজে ভিডিও করার সময় মারধরের শিকার হয়েছেন বলে তিনি নিজে দাবি করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত