উইন্ডিজ সফর, টেস্ট দলে ফিরলেন শরিফুল-তাসকিন

চোটের কারণে নেই মুশফিকুর রহিম। ফিরেছেন তাসকিন, শরিফুল ও জাকের আলী অনিক

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১০:২৬ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আঙুলের চোটের কারণে দলে নেই মুশফিকুর রহিম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সবশেষ টেস্ট থেকে বাদ পড়েছেন অফ স্পিনার নাঈম হাসান ও পেসার খালেদ আহমেদ। টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও জাকের আলী অনিক।

ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়, শরিফুল খেলেছেন জাতীয় লিগে। তাদের ফিরিয়ে আনার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান, 'ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে ওদের রাখা হয়নি। এখন আবার তারা দলে ফিরেছে।'

অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট।

পরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও আছে। সেই দল এখনও ঘোষণা করেনি বিসিবি।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত