তিন দফা দাবিতে শিক্ষা ভবন ঘেরাও জবি শিক্ষার্থীদের

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিসহ ৩ দফা দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১টার দিকে শিক্ষা ভবনের সামনের চৌরাস্তায় অবস্থান নিয়েছেন তারা।

এর আগে আজ সোমবার (১১ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষা ভবন ঘেরাওয়ে  গণপদযাত্রা শুরু করেন। গণপদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের দুই হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।

আন্দোলনের সংগঠক একেএম রাকিব বলেন, আমরা আজ মন্ত্রণালয়ে স্মারকলিপি দেব। পাশাপাশি তিন কার্যদিবসের সময় দেব। কর্মসূচিতে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে আন্দোলনে উপস্থিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

শিক্ষার্থীদের তিনটি দাবি হলো- স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসাবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে যে সেনাবাহিনীর হাতে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল), অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সকল অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত