প্যারাগুয়েতে নিষিদ্ধ হলো মেসির জার্সি

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০১:২৬ পিএম

লিওনেল মেসির জনপ্রিয়তা এখন শুধু আর্জেন্টিনাতেই সীমাবদ্ধ নেই, বরং সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে তার অগণিত ভক্ত-সমর্থক। তার প্রতি এই উন্মাদনা এতটাই বেশি, যে প্রতিপক্ষের মাঠেও তাকে সমর্থন করা হচ্ছে। তবে, এবার মেসির ভক্তদের উন্মাদনা ঠেকাতে প্যারাগুয়ে গ্রহণ করেছে এক নতুন পদক্ষেপ।

প্যারাগুয়ে আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে। এই ম্যাচে মেসির প্রতি স্থানীয় ভক্তদের উন্মাদনা নিয়ন্ত্রণে রাখতে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন একটি বিশেষ নিয়ম চালু করেছে।

প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন ঘোষণা করেছে, যে দর্শকরা মাঠে এসে মেসির জার্সি বা আর্জেন্টিনার অন্য কোনো জার্সি পরবেন, তাদের মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না। স্থানীয় দর্শকদের জন্য শুধুমাত্র প্যারাগুয়ের জাতীয় জার্সি বা নিরপেক্ষ জার্সি পরা ছাড়া মাঠে প্রবেশের অনুমতি থাকবে না।

ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। নিজেদের এই উদ্যোগের কথা নিশ্চিত করেছেন বৈশ্বিক গণমাধ্যমে, ‘আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি। আমরা প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেব না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন, তারা থাকতে পারবেন না।’

সঙ্গে তিনি এও জানিয়েছেন, ‘যেসব ক্লাবের জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম থাকবে, সেগুলোকেও আমরা অনুমতি দেব না।’ ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘গোল ডটকম’ প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের এই নিয়মকে বলছে ‘অ্যান্টি–লিওনেল মেসি’ ব্যবস্থা।

প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের এই কর্মকর্তা অবশ্য বিশেষ কোনো খেলোয়াড়ের কারণে এমন ব্যবস্থা গ্রহণের কথা অস্বীকার করেছেন। তিনি আরও যোগ করেন, ‘এটা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয়। ফুটবলারদের ক্যারিয়ারের প্রতি আমাদের সম্মান আছে। এটা শুধু আমাদের ঘরের মাঠে সুবিধা পাওয়ার জন্য জরুরিভাবে নেওয়া।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত