‘বাজিগর ও বাজিগর/ তু হ্যায় বাড়া জাদুগর’ কিংবা ‘ইয়ে কালি কালি আঁখে...’ আজও নব্বই দশকের নস্টালজিয়া। পোস্টারে দুই বাহুতে দুই নায়িকা শিল্পা শেঠি, কাজল এবং মাঝখানে শাহরুখ খান। তখনও তিনি ‘এসআরকে’ নামে খ্যাত নন। কিন্তু এই একটি ছবিই ভাগ্য বদলে দিয়েছিল তার! ছবিতে নায়ক এবং খলনায়ক— দুটোই তিনি। বাকিটা বলেছে বক্স অফিস।
২০২৪ যখন তার ‘পাঠান’ বা ‘জওয়ান’ অবতারে বুঁদ তখন আরও এক বার স্মৃতি উস্কে যদি ১৯৯৩ সালের পুরনো অবতারে শাহরুখ ধরা দেন, কেমন হবে?
‘বাজিগর ২’ তৈরি হলে নিঃসন্দেহে এ ছবির হাত ধরে দুই প্রজন্ম বাঁধা পড়বে। আর সেই ঘটনাই নাকি ঘটাতে চলেছেন প্রযোজক রতন জৈন।
তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শাহরুখের কানে ইতিমধ্যেই তিনি বিষয়টি তুলে দিয়েছেন এবং প্রযোজক-অভিনেতা যে একেবারে রাজি নন, এমনটাও নয়। তিনি বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়েই শুনেছেন। আলোচনা হচ্ছে অভিনেতা-প্রযোজকের মধ্যে। ছবিটি যে হবেই, সে বিষয়ে রতন আশ্বস্ত করেছেন সাংবাদিকদের।
পাশাপাশি এ-ও জানিয়েছেন, পুরোটাই নির্ভর করছে কিং খানের উপরে। নায়কের ভূমিকায় একমাত্র শাহরুখ রাজি হলে তবেই তিনি ‘বাজিগর ২’ বানাবেন।
সাংবাদিকেরা প্রশ্ন রেখেছিলেন প্রযোজকের কাছে। তিনি এখনই পুরোটা ভাঙতে চাননি। বদলে জানিয়েছেন, আপাতত চিত্রনাট্য লেখার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। পরিচালক এই প্রজন্মের কেউ হবেন। বাকিটা শাহরুখের উপরে নির্ভর করছে।
আগামী বছরের জানুয়ারিতে ‘কিং’-এর শুটিং শুরু করবেন শাহরুখ। ছবিতে নায়িকার ভূমিকায় থাকছেন তার মেয়ে সুহানা খান। যৌথ পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ, সুজয় ঘোষ।
বিপাকে ইয়াশের ‘টক্সিক’, থানায় অভিযোগ