৭২-এর সংবিধান বাংলাদেশের নির্বাচিত কোনো সংসদে হয়নি, হয়েছিল পাকিস্তান আমলে। আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘায়িত করতে ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
আজ শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীতে সংবিধান সংস্কারে প্রস্তাবনা শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
ববি হাজ্জাজ বলেন, ১৯৭২ সালের সংবিধান দিয়ে মুজিববাদ কায়েম করতে আওয়ামী লীগ তাদের দলীয় এজেন্ডা ও রাজনৈতিক দুরভিসন্ধির প্রকাশ ঘটিয়েছিল। সংবিধান হবে দেশের জনগণের জন্য, সেখানে ব্যক্তিবিশেষের কোনো স্থান নেই। সেখানে ব্যক্তিকে অন্তর্ভুক্ত করলে তার পরিবার আওয়ামী লীগের মতো ক্ষমতায় গেঁড়ে বসতে চাইবে।
তিনি বলেন, সংবিধানের ৫৫ (২) অনুচ্ছেদ সংশোধন করে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা নির্দিষ্ট করা হোক। সংবিধানের দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত জাতীয়তাবাদের ব্যাখ্যা পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ অন্তর্ভূক্ত করার সুপারিশ আমাদের রয়েছে। বাঁধাহীনভাবে ভোটাধিকার প্রয়োগ, নিজ ধর্মের বাণী প্রচার, তথ্যপ্রাপ্তির অধিকার এবং উচ্চশিক্ষার অধিকারকে মৌলিক মানবাধিকার হিসেবে সংবিধানে স্বীকৃতি প্রদান করার কথা আমরা বলেছি। আমরা চাই, জাতীয় মানবাধিকার কমিশনকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান ঘোষণা করে এর ক্ষমতা বৃদ্ধি করতে হবে। এ ছাড়া জনপ্রশাসন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করছে কিনা সেটা যাচাইকরণ এবং এ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিকরণের উদ্দেশ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদাসম্পন্ন একটি স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে। আমরা চাই আইনসভার কেউ উপজেলা প্রশাসনের কাজে সরাসরি সম্পৃক্ত হতে পারবেন না সংবিধানে এমন বিধান সংযোজন করতে হবে।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা আইনসভা কতটুকু বাধ্যতামূলকভাবে মেনে চলবে সেটা সংবিধানে সুষ্পষ্ট হতে হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে স্বতন্ত্র বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠার বিধান সংবিধানে সংযোজন করতে হবে। এ ছাড়া সংবিধানের ৯৫ (গ) (২) ধারা সংশোধন করে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের যোগ্যতা নির্ধারণ করে দিতে হবে। নির্বাচনকালীন সময়ে আইনসভা ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা এবং ইলেকটোরাল কলেজ বা নির্ধারিত নির্বাচকমণ্ডলী দ্বারা রাষ্ট্রপতি নির্বাচনের বিধান সংবিধানে সংযোজনের সুপারিশ রেখেছি বলেও উল্লেখ করেন তিনি।
সেই পাকিস্তানি জাহাজে যা যা এলো
ভোটাধিকারের জন্য বিএনপি আবার ত্যাগ স্বীকার করতে রাজি: খসরু