নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১২:৪৫ এএম

আগামী ১৭,১৮ ও ১৯ নভেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিনিক্স ফটো এক্সিবিশন ২০২৪। নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ফিনিক্স ১৪-এর এই উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ছাড়াও রয়েছে বর্ণিল আয়োজন।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আলোকচিত্রীদের পাঠানো বাছাইকৃত আলোকচিত্র প্রদর্শিত হবে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন চুরুলিয়া চত্বরে। প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক, অভিনেতা মনোজ কুমার প্রামাণিক, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক মো. মেহেদী তানজির এবং মাজহারুল হোসেন তোকদার।

প্রদর্শনীর মধ্য থেকে নির্বাচিত সেরা পাঁচজন আলোকচিত্রী পাবেন সম্মাননা, অন্যান্য অংশগ্রহণকারীদেরও প্রদান করা হবে উপহার। তিনদিনব্যাপী এই প্রদর্শনীর প্রথম দিন থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, প্রদর্শনী ও ফ্রি ফটোগ্রাফি ওয়ার্কশপ। ওয়ার্কশপের প্রশিক্ষক হিসেবে থাকবেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার ফাহিম ফয়সাল। দ্বিতীয় দিনের আয়োজনে আগত আলোকচিত্রী ও দর্শনার্থীদের জন্য থাকবে বিশেষ চমক। ওয়ান ক্লিক ফটোগ্রাফি, স্টোরি বেজড্ ফটোগ্রাফি ও মডেল কম্পিটিশনের মতো ব্যতিক্রম আয়োজন থাকবে এদিন।

সমাপনী আলোচনা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আয়োজনের পর্দা টানা হবে বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৯ -২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইভেন্ট এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট (ব্যবহারিক) কোর্সের প্রায়োগিক উপস্থাপনের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যার তত্ত্বাবধান করছেন বিভাগের সহকারী অধ্যাপক হীরক মুশফিক।

প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বোচ্চ প্রয়োগের মধ্য দিয়ে কর্মক্ষেত্রের জন্য তরুণদের সামর্থ্য যাচাইয়ের প্র‍য়াসেই এমন উদ্যোগ বলে জানা গেছে। 
ব্যতিক্রমী এই আয়োজনের মধ্য দিয়ে পঠন-পাঠনে সৃজনশীলতা ও গতিশীলতা বৃদ্ধির প্রত্যাশা সংশ্লিষ্টদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত