সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে আহ্ছানিয়া মিশনের মোমবাতি প্রজ্বালন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি বিশ্বব্যাপী একটি অন্যতম প্রধান সামাজিক, অর্থনৈতিক ও জনস্বাস্থ্যগত সমস্যা। তাই নিরাপদ সড়কের দাবি যেমন দিন দিন জোরালো হচ্ছে, তেমনি এ লক্ষ্য অর্জনে নিরাপদ সড়ক গড়তে একটি ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রয়োজন বলে মন্তব্য করেছে শিক্ষার্থীরা।

ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে রোডক্র্যাশে নিহতদের স্মরণে 'ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস' দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বালনে একথা বলেন তারা।

রোডক্র্যাশে নিহতদের স্মরণে প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ দিবস পালন উপলক্ষে আজ রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পার্শ্বে অর্ধশত তরুণের অংশগ্রহণে মোমবাতি প্রজ্বালন করা হয়।

মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরাসহ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তাগণ, রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্য সংস্থার প্রতিনিধিগণ এবং শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় একটি ‘সড়ক নিরাপত্তা আইন’র এর দাবি জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত