বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রতিবেশী দেশের মিডিয়াগুলো যেভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে তা এ দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। ওই দেশটি আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য উঠেপড়ে লেগেছে। অন্তর্বর্তী সরকারসহ দেশের গণতন্ত্রমনা সব দলকে সচেতন থাকতে হবে।’
গতকাল রবিবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে ভারত শোকাহত। ভারত শেখ হাসিনার জন্য খুবই কষ্ট পেয়েছে। ভারত যড়ষন্ত্র করে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে এনে ক্ষমতায় বসাতে চায়।’
তিনি বলেন, বিএনপি উৎপাদনের দল, গণতন্ত্রের দল। অন্যদিকে আওয়ামী লীগ টাকা পাচারকারী ও লুটেরার দল। আওয়ামী লীগের শাসনামলে এ দেশের মানুষ কখনোই শান্তিতে ছিল না। জিয়াউর রহমান এ দেশে শান্তি এনে দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। এ সময় বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ।
