৪৪তম বিসিএসের ভাইভা বাতিল ও ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা দ্বিগুণ করে পুনরায় প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় কমিশন।
বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৪তম বিসিএস’র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়। গত ২৫শে আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। গত ৮ অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে। মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত ৪৪তম বিসিএস-২০২১ এর আংশিক অর্থাৎ ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থী অর্থাৎ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিগগিরই মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।
এতে আরও বলা হয়, ৪৫তম বিসিএস’র লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সকল উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের নিকট প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
৪৬তম বিসিএস’র বিষয়ে বলা হয়, প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে তারিখে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের (উপসহকারী প্রকৌশলী) নন-ক্যাডার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিষয়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করছে। খুব শিগগিরই এ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মার্চ-এপ্রিলে নির্বাচন দিতে হবে : এ্যানি
অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিল নেপাল