বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) তিন দিনব্যাপী বিজনেস হ্যাকাথন: সোশ্যাল বিজনেস ইনোভেশন অ্যান্ড নলেজ এক্সচেঞ্জ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিইউপির ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) ও নেদারল্যান্ডসের ফন্টি ভেনলো ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই কর্মশালার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতাকে বাস্তব—জীবনের সামাজিক ব্যবসার সমস্যাগুলো সমাধানে কাজে লাগানো। কর্মশালাটিতে ‘বিজনেস হ্যাকাথন’ নামে একটি সামাজিক ব্যবসার সমস্যা সম্পর্কিত বিষয়ক প্রতিযোগিতা এবং বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত চারটি প্লেনারি সেশন অন্তর্ভুক্ত ছিল। বিজনেস হ্যাকাথন প্রতিযোগিতায় ফন্টিস ও বিইউপি—এর শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত পাঁচটি দল অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে বিইউপি’র সম্মানিত উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নেদারল্যান্ডসের ফন্টি ভেনলো ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের প্রতিনিধি, বিইউপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা, এফবিএসের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
