যুক্তরাষ্ট্রে ভারতীয় ধনকুবের আদানির বিরুদ্ধে ঘুষ-প্রতারণার মামলা

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১০:৪৬ এএম

যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ী, ভারতীয় ধনকুবের ও আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি। গোপনে ২৫০ মিলিয়ন ডলার ঘুষ প্রদান এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে।

গত বুধবার নিউইয়র্কে ৬২ বছর বয়সী বিতর্কিত এই ব্যবসায়ীর বিরুদ্ধে এসব ফৌজদারি অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বুধবার নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা গৌতম আদানি ও তাঁর কয়েকজন সহযোগীকে ঘুষ-প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেন।

মার্কিন অ্যাটর্নির নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের দপ্তর এক বিবৃতিতে গৌতম আদানিসহ অন্যদের আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার তথ্য জানিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, গৌতম আদানি ও তাঁর সহযোগীরা গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৫ কোটি মার্কিন ডলারের বেশি ঘুষ দিয়েছিলেন। পরবর্তীতে তাঁরা বিনিয়োগকারীদের কাছে এ বিষয়ে মিথ্যা বলেছিলেন।

নবায়নযোগ্য জ্বালানির এই কোম্পানি ২০ বছরে দুই বিলিয়ন ডলারের বেশি লাভ করবে বলে আশা করা হয়েছিল। এ বিষয়ে তাৎক্ষনিকভাবে কোন মন্তব্য করতে রাজি হয়নি আদানি গ্রুপ।

অভিযোগে আরও বলা হয়েছে, আদানি গ্রিন এনার্জি যুক্তরাষ্ট্র থেকে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহ করার চেষ্টা করে। এ জন্য তারা বন্ড ছাড়ে। এ ক্ষেত্রে তারা প্রতিষ্ঠানের দুর্নীতিবিরোধী ও ঘুষবিরোধী প্রচেষ্টার বিষয়ে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ব্রায়ান পিস এক বিবৃতিতে অভিযোগ ঘোষণা করে বলেছেন, “ অভিযুক্ত হিসাবে আসামীরা বিলিয়ন ডলার মূল্যের চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেয়ার জন্য একটি বিস্তারিত স্কিম সাজিয়েছিল। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহ করার জন্য ঘুষের স্কিম নিয়ে মিথ্যা কথা বলেছিল"।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গৌতম আদানি ছাড়াও সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন গৌতম আদানির স্বজন সাগর আদানি, আদানি গ্রিন এনার্জির সাবেক সিইও ভিনেত এস জেইন। গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

আদানি গ্রুপ থেকে ৮ হাজার ৫০০ কোটি ডলারের বেশি অর্থসম্পদের মালিক হয়েছেন গৌতম আদানি। এই শিল্পগোষ্ঠীর সমুদ্রবন্দর, কয়লাখনি, বিমানবন্দর পরিচালনা, জ্বালানিসহ নানান ব্যবসা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত