রাজধানীর বিভিন্ন সড়ক আটকে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ 

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১০:৫২ এএম

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে কয়েকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়, বেড়িবাঁধ সড়ক, মহাখালী, শেওড়াপাড়া, আগারগাঁও, ডেমরাসহ বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ রিকশাচালকরা বিক্ষোভ করছেন বলে খবর পাওয়া গেছে। এর ফলে এসব সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

সকালে রাস্তা অবরোধ করায় অফিসগামীরা পড়েছেন বিপদে। অনেকে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিচ্ছেন।অবরোধকারীদের অভিযোগ, সরকার আজ থেকে সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের কথা বলছে, তা আমরা মানি না। আমরা যারা আন্দোলনে নেমেছি সবাই রিকশাচালক বা মালিক।

গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, বর্তমানে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত