ফুটবল বিশ্বকাপ আয়োজনের উদ্যোগ নিচ্ছে সৌদি আরব। একমাত্র দেশ হিসেবে তারা ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে বিড করেছে। পাশাপাশি স্টেডিয়াম নির্মাণসহ বাদবাকি প্রস্তুতিও শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। ‘কিং সালমান স্টেডিয়াম’ নিয়ে তাদের মহা পরিকল্পনার কথাও সামনে এসেছে।
জিও নিউজ জানিয়েছে, সৌদির ফ্ল্যাগশিপ প্রকল্প ভিশন ২০৩০ এর আওতায় নির্মিতব্য এই স্টেডিয়ামে ৯২ হাজার দর্শকাসন থাকবে। সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল মিশেহাল বলেন, ‘২০৩৪ বিশ্বকাপে সৌদি আরবের অগ্রগতির সাক্ষী হওয়ার জন্য বিশ্ববাসীকে আমন্ত্রণ। এর মাধ্যমে আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। ফুটবলপ্রেমীদের স্মরণীয় অভিজ্ঞতা উপহার দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
প্রকৃতি আর প্রযুক্তির দারুণ মিশেলে নির্মিতব্য কিং সালমান স্টেডিয়ামের ডিজাইন করেছে বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান ‘পপুলাস’। এই মাঠে দূষণ ও ব্যয় কমাতে থাকবে প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রক ব্যবস্থা এবং বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি। কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই স্টেডিয়াম পুরোপুরি চাল হবে ২০২৯ সালের শেষ নাগাদ। মূলত সারা বছর এটি ব্যবহৃত হবে সৌদি আরবের ফুটবল দলের ক্যাম্প হিসেবে।
স্টেডিয়ামকে কেন্দ্র করে গড়ে ওঠা স্পোর্টস কমপ্লেক্সে থাকবে ইনডোর স্পোর্টস হল, অলিম্পিক সাইজের পুল, বাগান, অ্যাথলেটিক্স ট্র্যাক, ফ্যান জোন, অ্যাকুয়াটিক সেন্টার আর স্টেডিয়ামের ছাদে হাঁটার ব্যবস্থা। যেখান থেকে সংযুক্ত কিং আব্দুল আজিজ পার্কের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শকরা। নিরবিচ্ছন্ন অনুশীলনের জন্য থাকবে একাধিক ট্রেনিং গ্রাউন্ড। পরবর্তীতে যুক্ত করা হবে ভলিবল, বাস্কেটবল ও প্যাডেল কোর্ট।
সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন সাফ চ্যাম্পিয়ন আঁখি
টি-টেনের পরই জাতীয় দলে ফিরছেন সাকিব
আগামী বছর ভারতে আসছে মেসির আর্জেন্টিনা!