সাভারের আশুলিয়ায় চুরির অপবাদ দিয়ে জুয়েল (১৬) নামে এক দোকানের কর্মচারীকে বিদ্যুতের মোটা তার দিয়ে বেধরক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ওই দোকানের মালিক মো. কাশেম সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে মারধরের বিষয়টি জানিয়ে অভিযোগ করেন ভুক্তভোগী কিশোর ও তার বাবা।
ভুক্তভোগী কিশোর জুয়েল আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন বুড়িপাড়া এলাকার কুরজুত আলীর ছেলে।
ভুক্তভোগী জুয়েল বলেন, আমি ৪ মাস ধরে ওই দোকানে কাজ করি। মালামাল বিক্রি করে টাকা ক্যাশে রেখে দেই। গত ৭ নভেম্বর ১ হাজার টাকার মালামাল বিক্রি করে ওই টাকা ক্যাশে রেখেছিলাম বা অন্য কোথাও রেখেছি তা মনে ছিল না। পরে হিসাবের সময় টাকার গড়মিল হওয়ায় দোকানের মালিক কাশেম সরকার বলে আমি নাকি টাকা চুরি করেছি। বাধ্য হয়ে আমি বললাম যেহেতু আমার মনে পড়ছে না টাকাটা কোথায় রেখেছি তাই আমি টাকাটা বাসা থেকে এনে দিতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে আমার গলা চেপে ধরে রাস্তায় ফেলে দিয়ে বিদ্যুতের তার দিয়ে পিটিয়ে আমার সারা শরীর রক্তাক্ত জখম করে। আমার চিৎকারে পাশের দোকানদাররা ছুটে এসে আমাকে উদ্ধার করে। এ সময়ে প্রতিবেশী দোকানদাররা প্রতিবাদ করলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি বাবাকে জানানো হলে তিনি থানায় অভিযোগ করেন।
ভুক্তভোগীর বাবা কুরজুত আলী বলেন, আমার ছেলেকে ১ হাজার টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে তার দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন দোকানের মালিক কাশেম সরকার। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করা হলেও এক সপ্তাহে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমার ছেলের ওপর যেভাবে অমানুসিক নির্যাতন করা হয়েছে আমি এর সুষ্ঠ বিচার চাই।
প্রতিবেশী দোকানীরা জানান, কিশোর জুয়েলকে যে অমানুসিক নির্যাতন করা হয়েছে এটা সমাজে ন্যাক্কারজনক ঘটনা। কাশেম সরকার সকলের সামনে জুয়েলকে কারেন্টের তার দিয়ে ব্যাপক মারধর করেছে। এভাবে ছেলেটাকে মারধর করা ঠিক হয়নি।
এ বিষেয় অভিযুক্ত কাশেম সরকার বলেন, জুয়েল আমার বাড়ির মানুষ বিধায় তাকে আমার দোকানে বিশ্বাস করে কাজে দেই। সে মাঝে মধ্যে এমন করতো। ৭ নভেম্বর দোকান থেকে ১ হাজার টাকা সরিয়ে ফেলায় তাকে চর থাপ্পড় দেই। আমিতো তাকে মারি নাই, শাসন করেছি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল বলেন, আমি গত ৮ নভেম্বর থানায় যোগদান করেছি। কিশোর জুয়েল নির্যাতনের বিষয়ে অভিযোগ হলেও বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে অভিযোগের কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহীতে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি
অকালেই ঝরে গেল নাদিয়া