জিয়া ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে নবরূপে সাজছে খুলনা

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ এএম

ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে দেশের পট পরিবর্তনের পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শুরু হয়েছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’। বগুড়া থেকে যাত্রা শুরু হওয়া এই টুর্নামেন্টের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনায়। এ ম্যাচকে ঘিরে খুলনাকে বর্ণিল সাজে সাজানো হচ্ছে। ইতোমধ্যে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্যানা সাইন ও গেট তৈরি করা হয়েছে। আগামী ২৪ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট খুলনার সাংগঠনিক ও প্রচার উপকমিটির আহ্বায়ক শফিকুল আলম তুহিন বলেন, ফ্যাসিস্ট সরকার গত পনেরো বছর মেগা প্রকল্পের নামে সীমাহীন লুটপাটে ব্যস্ত ছিল। ফলে খেলার মাঠ ছেড়ে যুবসমাজ বিপদগামী হয়েছিল। সে স্থবিরতা কাটিয়ে যুবসমাজকে ক্রীড়াঙ্গনে উৎসব ফেরাতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনায় দেশের যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিত্রাণ দিতে দেশের ক্রীড়াঙ্গনকে আবারও সচল করার লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাজ-সজ্জা উপকমিটির আহ্বায়ক শেখ সাদী বলেন, মহানগরীর সড়ক ও মোড়ে গেট নির্মাণ চলমান। ইতিমধ্যে রয়েল মোড়, ময়লাপোতা মোড়, কেসিসি মার্কেট মোড়, আদালতের মোড় ও জোড়াগেটে ডবল গেট করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত কাটআউট স্থাপন করা হয়েছে। জেলা স্টেডিয়ামসহ আশপাশের এলাকা, সাতরাস্তার মোড়, ময়লাপোতা মোড়ের গাছ, সাতগম্বুজ মসজিদের প্রতিকৃতি, রয়েল মোড়ের রয়েল বেঙ্গল টাইগার ও চিংড়ি স্থাপনায় আলোকসজ্জা চলমান। এ ছাড়া রয়েল মোড় ও শিববাড়ী মোড়ে মাইকিং চলছে। পাঁচ থানায়ও ভ্রাম্যমাণ মাইকিং করা হবে।

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট খুলনা বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অ্যাড. এস এম শফিকুল আলম মনা বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে খুলনা বিভাগের ১০টি জেলার ক্রিকেটারদের নিয়ে লাল ও সবুজ দলের মধ্যে আগামী ২৪ নভেম্বর (রবিবার) খেলাটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের বিজয়ীরা ঢাকায় ১২টি দলকে নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে অংশ নেবে। খুলনার ম্যাচটিকে কেন্দ্র করে এ অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর ক্রীড়ামোদী দর্শক মাঠে বসে সরাসরি জাতীয় দলের সাবেক ও দেশসেরা সব ক্রিকেটারদের ক্রীড়ানৈপুণ্য উপভোগ করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত