ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৬ কোটি টাকার কাপড় জব্দ 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম

ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ১৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ কাপড় নারায়ণগঞ্জে জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ ভারতীয় পণ্যের একটি চালান নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর রাতে কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দেয় কোস্টগার্ডের সদস্যরা। তবে ট্রাকটির চালক সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে ড্রাইভারসহ ট্রাকটি আটক করে কোস্টগার্ড।

এসময় ট্রাকটি তল্লাশি করে ভারতীয় ৫ হাজার ৩৩৮ পিস শাড়ি, ১ হাজার ২৪৫ পিস চাদর, ১৮৬ পিস থ্রি পিচ ও ২৯ পিস লেহেঙ্গা জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি ৪ লাখ সাতাশি হাজার টাকা বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা। জব্দকৃত মালামাল, ট্রাক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত