ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন, শিডিউল বিপর্যয়

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০১:১০ পিএম

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। পৌনে এক ঘণ্টা শিডিউল বিপর্যয়ের ফলে আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে দুর্ভোগে পড়েন উড়োজাহাজের দেড় শতাধিক যাত্রী। তবে কোনো ফ্লাইট বাতিল হয়নি। 

সৈয়দপুর বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় ব্যাহত হয়েছিল উড়োজাহাজ চলাচল।

বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরের জেলা নীলফামারীতে ক্রমান্বয়ে তাপমাত্রার পারদ কমছে। আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং দৃষ্টিসীমা ছিল ৩০০ মিটার। উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটির প্রয়োজন হয়।

এ ব্যাপারে বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, আজ সকালে হঠাৎ সৈয়দপুরের আকাশে কুয়াশা দেখা যায়। ফলে ভিজিবিলিটি অনেক কমে যায়। এর ফলে এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের দুটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। শীতকালে এমন শিডিউল বিপর্যয় হয়ে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে উড়োজাহাজ নামতে পারবে বলে তিনি জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত