নাটক, ওয়েব এবং সিনেমা—সব মাধ্যমেই ব্যস্ত সময়য় পার করছেন আবু হুরায়রা তানভীর। ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়ে দর্শকদের কাজ উপহার দিয়ে যাচ্ছেন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন সিরিজ ‘ফ্রেঞ্জি’।
কাজটির দর্শক সাড়া প্রসঙ্গে অভিনেতা বলেন, বেশ ভালো সাড়া পাচ্ছি। এখানে আমার যে চরিত্র লাকি, তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে দেখলাম। সিরিজটির বিভিন্ন সংলাপ নিয়েও আলোচনা হচ্ছে। দর্শকরা উপভোগ করছেন কাজটি। কেউ কেউ একাধিকবার দেখেছেন, এমনটাও রিভিউ পাচ্ছি। দর্শকরা নতুন একটা স্বাদ পেয়েছেন কাজটি থেকে।
এদিকে তানভীর এই মুহূর্তে ‘স্বার্থপর’ নামে একটি নাটকের শুটিং করছেন। এখানে তার বিপরীতে রয়েছেন সেমন্তী সৌমি।
ব্যস্ততা বেড়েছে বেশ তার। এই প্রসঙ্গ টেন আবু হুরায়রা তানভীর বলেন, আগামী তিন মাস বুকড। শিডিউল ফাঁকা নেই। বলতে পারেন, সামনের তিন মাস দম ফেলার সুযোগ নেই। নতুন করে কাউকে শিডিউলও দিচ্ছি না। পরিবারকে একটু সময় দিতে চাই, একটা ভ্যাকেশন কাটাতে চাই। মার্চের প্রথম সপ্তাহ দেশের বাইরে কোথাও যাব পরিবারের সদস্যদের নিয়ে।
জানিয়ে রাখলেন সামনে সিনেমা, ওটিটি এবং নাটক—তিন মাধ্যমেরই বেশ কিছু কাজ হাতে আছে তার। সঠিক সময় অনুযায়ী খবরগুলো সামনে আনবেন।
