বগুড়ার টিএমএসএস টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী সৌরভ হোসেন (১৭) হত্যা মামলার প্রধান ২ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজশাহী জেলার মতিহার উপজেলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকার আলমগীর তালুকদারের ছেলে নাজিম তালুকদার (২০) এবং নাজমুল তালুকদার (৩২)।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব-১২ এবং রাজশাহী র্যাব-৫ যৌথ অভিযান চালিয়ে রাজশাহীর মতিহার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এর আগে গত ৩ নভেম্বর রাত ১০টায় ঠেঙ্গামারা এলাকার একটি দোকানে চাচাতো ভাইয়ের সঙ্গে বসেছিলেন সৌরভ। এ সময় সেখানে তাদের আরও কয়েকজন বন্ধু আসে এবং তাদের সঙ্গে চলে যান সৌরভ। কিছুক্ষণ পর সৌরভকে নিয়ে যাওয়া এক বন্ধু মোবাইলে তার স্বজনদের জানায় সৌরভ বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে সৌরভের মরদেহ দেখতে পান। সৌরভের মাথার পেছনে ও শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন এবং বন্ধুদের পালিয়ে যাওয়ার ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়।
স্বজনরা বলেন, পূর্বের কোনো বিরোধের জেরে বন্ধুরা তাকে ডেকে নিয়ে আঘাতে হত্যা করেছে। কারণ মহাসড়কের সম্ভাব্য স্থানে রক্ত দেখা গেলেও দুর্ঘটনার কোনো চিহ্ন পাওয়া যায়নি। টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় নিহত সৌরভের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় ৬ জন এজাহার নামীয় ও ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার বি,এন,এম আবুল হাশেম সবুজ জানান, আসামিদের গ্রেপ্তারের পর বগড়া সদর থানায় পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।
বাঁধ নির্মাণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা
সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাস গ্রেপ্তার