ময়মনসিংহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ ইউপি চেয়ারম্যানকে অপসারণ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাটে ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক মুফিদুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অপসারণকৃত চেয়ারম্যানরা হলেন- ভুবনকুড়া ইউনিয়নের আ. লীগ সমর্থিত চেয়ারম্যান আলহাজ্ব এম সুরুজ মিয়া, জুগলী ইউনিয়নের আ. লীগ সমর্থিত চেয়ারম্যান মো. ছামাদুল ইসলাম, নড়াইল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মানিক, ধারা ইউনিয়নের আ.লীগ সমর্থিত চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিপ্লব, ধুরাইল ইউনিয়নের আ.লীগ সমর্থিত চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন ও স্বদেশী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান মো. ইরাদ হোসেন সিদ্দিকী।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ওই ইউনিয়নসমূহের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ কর্মস্থলে অনুপস্থিত থাকায় দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজের চরম ব্যাঘাত ঘটছে। এতে করে ইউনিয়ন পরিষদের নাগরিকগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ সকল ইউনিয়নে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে জানতে চাইলে ধুরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন বলেন, হালুয়াঘাটে সকল চেয়ারম্যানগণ নিয়মিত অফিস ও দাপ্তরিক কাজ করছেন। আমি আজকেও অফিস করেছি। শুধুমাত্র আওয়ামী লীগ দলের কর্মী বলেই আমাদের অপসারণ করা হয়েছে।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ সংবাদিকদের জানান, মঙ্গলবার বিকেলে এ সংক্রান্ত অফিস আদেশ পেয়েছি। 

উল্লেখ্য, হালুয়াঘাট উপজেলায় মোট ১২টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর আগে কৈচাপুর ও হালুয়াঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। বর্তমানে ৮ ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হলো। বাকি ৪টিতে চেয়ারম্যানরা দায়িত্ব পালন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত