পঞ্চগড়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম

পঞ্চগড়ের আটোয়ারীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে সোলেমান আলীকে (৫৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম রেজাউল বারী এ দণ্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্ত সোলেমান আলী আটোয়ারী উপজেলার দক্ষিণ সুখ্যাতি এলাকার বাসিন্দা ছিলেন।

আদালত ও মামলা বিবরণে জানা গেছে, প্রায় দুই যুগ আগে সোলেমান আলীর সঙ্গে জোসনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্যকলহ চলছিল। বিভিন্ন সময় সালিশ বৈঠকও হয়। ২০১৮ সালের ১৭ মে বাড়িতে কেউ না থাকার সুযোগে জোসনা বেগমকে হত্যা করে ঘরের মধ্যে মরদেহ রেখে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যান সোলেমান আলী। 

এ ঘটনায় তাকে একমাত্র আসামি করে আটোয়ারী থানায় হত্যা মামলা দায়ের করেন জোসনার ভাই সহিদুল ইসলাম। তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সোলেমান তার স্ত্রী জোসনাকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করে বলে প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করে বিচারক। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন সোলেমান আলী।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি বলেন, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এই দণ্ডাদেশ দিয়েছেন। এই রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন বলে মনে করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত