মানিকগঞ্জের আরিচা ঘাট থেকে সরকারি ভর্তুকির ডিএপি ৫০০ বস্তা সার বোঝাই ট্রাকসহ চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে শিবালয় থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ফেরি পারাপারকালে এই সার জব্দ করা হয়। জব্দকৃত ৫০০ বস্তা সারের মূল্য প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকা। জব্দকৃত সার মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নীলফামারির জলঢাকায় যাচ্ছিল।
এ ঘটনায় আটককৃতরা হলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাঠামারার আব্দুল ওয়াজেদের ছেলে চালকের নাম মো. বাবুল হোসেন। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দড়িপাড়া এলাকার খলিলের ছেলে হেলপার মো. আসলাম।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিবালয় থানা পুলিশ এ সার জব্দ করেন। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।
পুলিশ জানায়, মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর এলাকা থেকে নীলফামারীর জলঢাকা উপজেলার মেসার্স রুস্তম অ্যান্ড সন্সের ডিলারের কাছে সার পাচার করছিলেন মুন্সিগঞ্জের এক সার বিক্রেতা। আরিচা ফেরিঘাট এলাকায় সার বহনকারী ট্রাকটির গতিবিধি সন্দেহ হলে পুলিশকে খবর দেন সাংবাদিকরা। পরে সাংবাদিকদের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে ৫০০ বস্তা টিএসপি সার ও ট্রাক জব্দ করে পুলিশ।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন দেশ রূপান্তরকে জানান, সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরিচা ফেরিঘাট থেকে ৫০০ বস্তা সার, চালক ও হেলপারসহ ট্রাক জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান।
যেসব কারণে আইপিএলে উপেক্ষিত বাংলাদেশের ক্রিকেটাররা
সাত কলেজের বৃহস্পতিবারের পরীক্ষাও স্থগিত 