মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানোর পাশাপাশি একের পর এক স্বীকৃতি অর্জন করে আসছে বাংলাদেশি সিনেমা ‘রইদ’। এবার নতুন সাফল্য এসেছে স্পেনের বার্সেলোনায়। এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনার ১৪তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে এই সিনেমাটি।
২২ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত উৎসবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৫টি দেশের ১২৮টি সিনেমা প্রদর্শিত হয়। বিচারকদের রায়ে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় ‘রইদ’। সিনেমাটির জাদুবাস্তবতা ও নৃবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও বিশেষভাবে উল্লেখ করেন বিচারকরা। এই উৎসবে বাংলাদেশের আরেকটি সিনেমাও স্বীকৃতি পেয়েছে। মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ আদার ন্যারেটিভস বিভাগে বিশেষ সম্মাননা পেয়েছে। ফলে একই আয়োজনে বাংলাদেশের দুটি সিনেমার এমন স্বীকৃতি আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে দেশের উপস্থিতিকে আরও দৃশ্যমান করেছে।
এর আগে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসরে তিনটি পুরস্কার জেতে ‘রইদ’। নাজিফা তুষি পান সেরা অভিনেত্রীর পুরস্কার। ভিয়েতনামের দা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও সমালোচক বিভাগের সেরা এশীয় সিনেমার পুরস্কার জিতেছে এটি। নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের টাইগার প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয়েছিল সিনেমাটি। প্রদর্শিত হয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
এবার ভারতের গোয়ায় অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে ‘রইদ’। ২০ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠেয় উৎসবে নবীন নির্মাতাদের সিনেমার জন্য নির্ধারিত বিভাগে দেখানো হবে এটি। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। সাধু নামের এক কৃষক ও তার স্ত্রীকে ঘিরে গড়ে উঠেছে গল্প।
‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার
অস্কারে যাচ্ছে ‘রইদ’
যুক্তরাষ্ট্র ও কানাডার ৫০ শহরে ‘রইদ’