পবিত্র রমজান মাসের আগে মালয়েশিয়া সরকারের সহায়তায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বাংলাদেশে পরিশোধিত পাম তেল সরবরাহের জন্য যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মালয়েশিয়াকে অনুরোধ করেছে বাংলাদেশ।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মালয়েশিয়ায় তার ২ দিনের সংক্ষিপ্ত সফরের ২য় দিন মঙ্গলবার মালয়েশিয়ার প্লান্টেশন ও কমোডিটিস মন্ত্রী ওয়াইবি দাতুক সেরি জোহারি বিন আবদুল গনির সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান।
আজ বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ার মন্ত্রী তার সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারি থেকে বাণিজ্যিক (বিটুজি) ভিত্তিতে বাংলাদেশে পরিশোধিত পাম ওয়েল সরবরাহের নিমিত্তে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার অনুরোধে সাড়া দিয়ে এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোরালো আশ্বাস দেন।
মালয়েশিয়ার মন্ত্রী উপদেষ্টাকে স্বাগত জানিয়ে নতুন দায়িত্বের জন্য তাকে অভিনন্দন জানান। বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর চাহিদা, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সম্পর্কে মালয়েশিয়ার মন্ত্রীকে অবহিত করেন।
এ ছাড়া বৈঠকে রাবার খাতের উন্নয়নে সহযোগিতা, সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃক প্রস্তাবিত কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় সহযোগিতার বিষয়গুলি গুরুত্বসহকারে আলোচনা করেন।
বৈঠকে অন্যান্যদের মধ্যে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভিন, মালয়েশিয়ার কৃষি ও পণ্যমন্ত্রীর প্রেস সচিব ইউসরিনুদ্দিন বিন আবদ করিমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাকিব উইকেট নিলেই হারছে বাংলা টাইগার্স
একসঙ্গে শাকিব খান-আমিন খান