ডিসেম্বরে বাইরে থেকে গভীর চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে: প্রিন্স

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম

দেশের বাইরে থেকে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ডিসেম্বর মাসে আরও চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের শহীদ ও গণবিপ্লবের হাজার হাজার ছাত্র-জনতার রক্তের শপথ, সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভাগীয় জাসাস আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি গণবিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র শক্ত হাতে দমনের আহ্বান জানান।  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে এমরান সালেহ প্রিন্স বলেন, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরের মতো ৭ নভেম্বর জাতীয় জীবনে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিবস। আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তি ৭ নভেম্বরকে ভয় পায় বলেই গত ১৫ বছরে তারা সিপাহী জনতার বিপ্লবের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেও সফল হয়নি।

জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকোনুজ্জামান সরকার রোকন, জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী প্রমুখ বক্তব্য রাখেন ।

আলোচনা সভার পর অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও ঢাকা থেকে আগত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত