অসহায় পৃথ্বীর কাতর আর্তি ‘আমি কী ভুল করেছিলাম?’

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ এএম

তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে বারবার। তাই জাতীয় দলে দুর্দান্ত অভিষেক হলেও মাত্র ২৫ বছর ২০ দিন বয়সেই তার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। জাতীয় দল থেকে আগেই বাদ পড়েছেন, এবারের আইপিএল নিলামেও তাকে কোনো দল নেয়নি। এর জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন ট্রলের চরিত্র। সব মিলিয়ে পৃথ্বী শ এখন চরম অসহায়।

একসময় এই পৃথ্বীকেই মনে করা হতো ভারতীয় ক্রিকেটের পরবর্তী শচীন টেন্ডুলকার। কিন্তু পরবর্তীতে নিজের সেই পারফর্মেন্স ধরে রাখতে পারেননি। ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি এবং সমর্থকদের অভিযোগ, তিনি ঠিকভাবে অনুশীলন করছেন না। এছাড়া তার শৃঙ্খলাজনিত সমস্যাও আছে। ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছেন না পৃথ্বী। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সর্বশেষ ম্যাচে আউট হয়েছেন ০ রানে।

পৃথ্বীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ ট্রল হচ্ছে, তাতে তার জীবন কঠিন হয়ে গেছে। আইপিএলে দল না পাওয়ার পর পৃথ্বীর একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেখানে এই ওপেনার অসহায়ভাবে বলেছেন, ‘মানুষ যদি আমাকে নিয়ে মিম বানায়, তা আমিও দেখি। আমার মাঝেমধ্যে খারাপ লাগে। অনেক সময় মনে হয়, এটা ঠিক হয়নি, তার এভাবে বলা ঠিক হয়নি। যখনই আমাকে সবার সামনে দেখে, মানুষ আমাকে বলতে শুরু করে পৃথ্বী কী করছে, তার অনুশীলন করা উচিত। আর আমি ভাবছিলাম, আজ তো আমার জন্মদিন। আমি ভাবছি, আমি কী ভুল করেছিলাম।’

বয়সভিত্তিক পর্যায়ে পৃথ্বীর সতীর্থ শুবমান গিলরা এখন কোটি কোটি টাকা আয় করেন। সেখানে পৃথ্বীকে মাত্র ৭৫ লাখেও কোনো দল নেয় না। ফিটনেস সমস্যায় বাদ পড়েছেন মুম্বাইয়ের রঞ্জি ট্রফির দল থেকেও। সব মিলিয়ে আইপিএলে ৭৯টি ম্যাচ খেলে ২৩ গড়ে ১৮৯২ রান করেছেন পৃথ্বী। তার এই সুযোগ পাওয়াটাকে যথেষ্ট হিসেবেই মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ।

তিনি বলেছেন, ‘এমন অনেক ক্রিকেটার আছে, যারা এত সুযোগ পায় না। কিন্তু পৃথ্বী অনেক সুযোগ পেয়েছে। আইপিএলের কোনো দল তাকে কেনেনি, এটা লজ্জাজনক। মাত্র ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যেও কেউ ডাকেনি। এখন তার মূল জায়গায় ফিরতে হবে, ঘরোয়া ক্রিকেটে রান করে নির্বাচিত হতে হবে। সরফরাজ খান এর বড় উদাহরণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত