সমালোচনার মুখে বিইআরসি থেকে পদত্যাগ করলেন গিয়াস উদ্দীন জোয়ার্দার

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়ে যোগদানের এক দিনের মাথায় পদত্যাগ করেছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের বিতর্কিত সাবেক কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন জোয়ার্দার। তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ঘনিষ্টজন বলেও পরিচিত।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একজন কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, গত ২৬ নভেম্বর সরকার বিইআরসির যে তিন সদস্যকে নিয়োগ দেয় তাদের একজন গিয়াস উদ্দিন জোয়ার্দার। পরদিন ২৭ আগস্ট (বুধবার) সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সদস্য পদে যোগদান করেন তিনি। বৃহস্পতিবার কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে গেছে তাকে কোনো দায়িত্ব না দিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যোগাযোগ করতে বলা হয়। গিয়াস উদ্দিন তখন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যোগাযোগ করলে সেখান থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়। এরপর গত শুক্রবার তিনি হাতে লেখা পত্রের মাধ্যমে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব বরাবর পদত্যাগ পত্র জমা দেন।

আওয়ামী লীগ সরকারের আমলে মো. গিয়াস উদ্দিন জোয়ার্দার দুই দফায় ডিপিডির নির্বাহী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। তার ওই নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া গিয়াস-উদ্দিন জোয়ার্দারের বিরুদ্ধেও রয়েছে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ। ডিপিডিসি থেকে ২০২৩ সালে অবসরে যাওয়ার পর তাকে পাওয়ার সেলের কনসালটেন্ট হিসেবেও নিয়োগ পান। সর্বশেষ বর্তমান সরকারের আমলেও বিইআরসির সদস্য হিসেবে নিয়োগ পাওয়ার পর ব্যাপক সমালোচনার ঝড় উঠে। তবে গিয়াস উদ্দীনের অনিয়ম-দুর্নীতির অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দেশ রূপান্তর।

এ বিষয়ে জ্বালানি সচিবের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। যোগাযোগ করা হলে গিয়াস উদ্দিন জোয়ার্দার দেশ রূপান্তরকে বলেন, এখনও তিনি পদত্যাগ করেননি। পদত্যাগের বিষয়ে তিনি আরেকটু সময় নিয়ে তারপর কথা বলবেন।

এ সময় তার পদত্যাগপত্র দেশ রূপান্তরের হাতে আছে জানিয়ে তাকে জিজ্ঞেস করা হয় এটি আপনার কী না? জবাবে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখন কোনও কথা বলতে চাচ্ছি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত