অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের উদীয়মান ব্যাটার শাহজাইব খান নিজের দুর্দান্ত ব্যাটিংয়ে নজর কেড়েছেন। ভারতের বিপক্ষে ১৫৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে ৪৪ রানের দারুণ জয় উপহার দিয়েছেন এই তরুণ। তার ব্যাটে ভর করেই প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় পাকিস্তান।
শাহজাইবের এই অসাধারণ ইনিংস শুধু ম্যাচ জিতিয়েছে তাই নয়, গড়ে দিয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুটি রেকর্ড।
১৫৯ রানের এই ইনিংসটি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের বিপক্ষে কোনো ব্যাটারের সর্বোচ্চ রান। ১৪৭ বলে ১৫৯ রানের ইনিংস খেলে শাহজাইব ভেঙেছেন সামি আসলমের পুরনো রেকর্ড। ২০১২ সালে সামি ভারতের বিপক্ষে ১২৪ বলে ১৩৪ রান করেছিলেন, যা এতদিন ছিল শীর্ষ স্থানে।
এশিয়া কাপে ভারতের বিপক্ষে শতরান করা ব্যাটারদের তালিকায় শাহজাইব হলেন চতুর্থ। তার আগে আছেন পাকিস্তানের সামি আসলম, দক্ষিণ আফ্রিকার কলিন অ্যাকেরমান (১২৯ রান, ২০০৯) এবং ইংল্যান্ডের কাদের আলি (১২৫ রান, ২০০২)।
ভারতের বিপক্ষে ইনিংসে ১০টি ছক্কা মেরে আরেকটি রেকর্ড গড়েছেন শাহজাইব। এটি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড। এর আগে কামরান গুলাম ৭টি ছক্কা মেরে পাকিস্তানের হয়ে শীর্ষে ছিলেন। সেই রেকর্ডকেও পেছনে ফেলেছেন শাহজাইব।
শাহজাইবের এই ইনিংস শুধু জয় এনে দেওয়ার জন্যই নয়, তার সম্ভাবনা এবং প্রতিভার মাপকাঠি হিসেবেও গুরুত্বপূর্ণ। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের মধ্যে ইতোমধ্যে তার নাম আলাদাভাবে উচ্চারিত হচ্ছে। এই পারফরম্যান্স যে তার ভবিষ্যৎ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ভিত্তি হিসেবে কাজ করবে, তা বলার অপেক্ষা রাখে না।
দুবাই-আবুধাবিতে ‘খ্যাপ’ খেলছেন গজনফর
সাব্বিরের সেঞ্চুরি সফরের ৫ উইকেট