অর্থ উপদেষ্টা

ভারতের সাথে বাণিজ্যে রাজনৈতিক কারণ প্রভাব ফেলবে না

  • রোজার সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে জানিয়েছেন, অর্থ উপদেষ্টা
  • যেখানে বাংলাদেশ কম দামে পণ্য পাবে, সেখান থেকেই কিনবে বলে জানান তিনি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম

ভারতের সঙ্গে বর্তমান সম্পর্কের যে টানাপোড়েন তা রাজনৈতিক, বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্কের ওপর এর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এছাড়া রোজার সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক কারণে ভারতের সাথে বাণিজ্যক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তাদের (ভারতের) রাজনৈতিক বক্তব্য যাই হোক, তাদের ব‍্যবসায়ীদের স্বার্থও দেখতে হবে।

তিনি বলেন, ব্যবসায়ীরা যারা পণ্য বিক্রি করেন তারা রাজনীতিবিদের বক্তব্যে বিভ্রান্ত হয় না, তারা পণ্য বেচেন। যেখান থেকে বাংলাদেশ কম দামে পণ্য পাবে, সেখান থেকেই কিনবে।

বাংলাদেশে ভারতীয় পণ্য পাঠানো বন্ধ করে দেওয়া হবে–এমন হুমকি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘ভারতের পক্ষ থেকে এমন বক্তব্য রাজনৈতিক, এই বক্তব্যের প্রভাব বাণিজ্যের ওপর পড়বে না। ভারত থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেগুলো ঠিকভাবে এবং সময়মত আসবে।’ 

তিনি বলেন, ‘চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। সেক্ষেত্রে ভারত, মিয়ানমার,  থাইল্যান্ডের বিষয়ে আলোচনা হয়েছে। যে দেশ থেকে কম দামে পাওয়া যাবে সেখান থেকেই চাল আমদানি করা হবে।’

সালেহউদ্দিন বলেন, ‘রমজানকে সামনে রেখে সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে দাম কমানোর জন্য। আসছে রমজানে তাই পণ্যের দাম বাড়বে না। রমজানের জন্য খেজুর,  তেল, মসুর ডাল আমদানি করা হচ্ছে, কমানো হচ্ছে এসব পণ্যের ভ্যাট। এই প্রভাব জিনিসপত্রের দামের উপর পড়বে।’

অর্থ উপদেষ্টা দাবি করেন, জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে রাজনৈতিক চাঁদাবাজির প্রভাব পড়ে। সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত