ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম

দিনাজপুরের পার্বতীপুর মেঘনা রেলহেড অয়েল ডিপোতে ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। এ নিয়ে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে চলতি মাসে তৃতীয় দফায় ভারত থেকে ডিজেল এসে পৌঁছাল।

জেলার পার্বতীপুর রেলহেড মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী রবিউল আলম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে পার্বতীপুর মেঘনা রেলহেড ডিপোতে ৭ হাজার টন তেল এসে পৌঁছেছে।

তিনি জানান, গত ২০ এপ্রিল সোমবার রাত ৮টায় ভারতের শিলিগুড়ি নুমালিগড় রিফাইনারি থেকে পাইপ লাইনে ডিজেল পাম্পিং শুরু হয়েছে। ৬৫ থেকে ৭০ ঘণ্টার মধ্যে এসব ডিজেল দিনাজপুর পার্বতীপুর রেলহেড মেঘনা অয়েল ডিপোতে এসে পৌঁছায়।

এর আগে গত ১৯ এপ্রিল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুর পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছায়। এ নিয়ে চলতি মাসে পাইপ লাইনের মাধ্যমে ৩ বারে ২০ হাজার টন ডিজেল পৌঁছেছে।

সূত্র জানায়, এই নিয়ে চলতি বছরে সর্বমোট ৪২ হাজার টন ডিজেল ভারত থেকে পাইপ লাইনে এসে পৌঁছেছে। চলতি এপ্রিল মাসে মোট ৪টি চালানের মাধ্যমে ভারত থেকে ২৫ হাজার টন জ্বালানি তেল আসার কথা রয়েছে। এরমধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার টন, ১৯ এপ্রিল ৫ হাজার টন এবং আজ ৭ হাজার টন ডিজেল এসেছে। এর আগে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চারটি চালানে ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে মোট ২২ হাজার টন ডিজেল এসে পৌঁছায়।

পাইপ লাইনে দিনাজপুর পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল পৌঁছায়। এরপর সেখান থেকে রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা এই তিনটি কোম্পানিতে ডিজেল সরবরাহ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত