পোশাকে দাগ লেগেছে কী করবেন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ এএম

জামা-কাপড়ে অসাবধানতাবশত খাবার পড়ে যেতে পারে। আর খাবার পড়ে দাগ হওয়া স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, এই দাগ তুলবেন কীভাবে। বাড়িতেই খুব সহজে এসব দাগ তুলতে পারবেন। উপায় জেনে নিন

কলমের কালির দাগ যদি কাপড়ে লেগে যায় তাহলে একটি জার বা কাঁচের পাত্র নিয়ে কাপড়টি টানটান করে বিছিয়ে নিতে হবে। তারপর রাবিং অ্যালকোহল ড্রপারের সাহায্যে দাগের ওপর দিলে কালিগুলো শুষে নিচে পড়বে। তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিলেই হবে। পোশাকে খাবার পড়ে তেলের দাগ হয়ে গেলে ওই জায়গাটিতে ট্যালকম পাউডার ভালো করে ছড়িয়ে দিন। এবার ওই অংশটির ঠিক নিচের দিকে একটি ব্লটিং পেপার রাখুন। আরও কিছুটা পাউডার নিয়ে দাগের জায়গাটিতে ভালো করে ঘষে দিন। দেখবেন এতে দাগ অনেকটাই উঠে যাবে। বাকি হলুদ ভাব তোলার জন্য জলে ডিটারজেন্ট মিশিয়ে দাগের ওপর মাখিয়ে শুকাতে দিন। কিছু সময় পর পানি দিয়ে ধুয়ে ফেলুন, দাগ উঠে যাবে। কাপড়ের যে কোনো দাগ তোলার জন্য দারুণ উপকারী ভিনিগার আর মুলতানি মাটির মিশ্রণ। মিশ্রণটি দাগের ওপর লাগিয়ে নিন, শুকিয়ে গেলে ভেজা কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন । পোশাকে চকোলেটের দাগ লেগে গেলে তা তোলার জন্য সবচেয়ে ভালো উপকরণ হলো অ্যামোনিয়া সলিউশন। প্রথমে ভালো করে শুকিয়ে যাওয়া চকোলেট ঝেড়ে ফেলুন। ৫ মিনিট পর অ্যামোনিয়া সলিউশন এক ফোঁটা এক ফোঁটা করে দাগের ওপর ফেলুন। অন্য একটা কাপড় দিয়ে দাগটা ঘষে দিন। কিছুক্ষণ পর ধুয়ে নিন। চা বা কফির দাগ কাপড় থেকে তুলতে প্রথমে কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। লিকুইড লন্ড্রি ডিটারজেন্ট দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ঘষে নিলেই দাগ উঠে যাবে। যদি খুব পুরনো দাগ হয় তবে দাগযুক্ত স্থানে অক্সিজেন ব্লিচ বা সোডিয়াম হাইপোক্লোরাইট ব্লিচ লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। রিকশার চাকায় লেগে কিংবা রান্না করতে গিয়ে গ্রিজ বা তেলের দাগ লেগে যেতে পারে। গ্রিজ বা তেলের দাগ উঠানোর ফর্মুলা প্রায় একই। গ্রিজের দাগ যদি হালকা হয়ে থাকে তবে উষ্ণ পানিতে কাপড়টি ভিজিয়ে দিতে হবে। প্রি ওয়াশ স্টেইন রিমুভার দিয়ে ভিজিয়ে রাখতে হবে ১০-১৫ মিনিট। এরপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিলে দাগ উঠে আসবে সহজেই। দীর্ঘদিনের পুরনো দাগ হয়ে থাকলে অক্সিজেন ব্লিচ করলেও দাগ উঠে আসবে। কাপড়ের যে স্থানে হলুদের দাগ লেগেছে সেখানে কিছুক্ষণ লেবু দিয়ে ঘষে রোদে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিলেই দাগ চলে যাবে। এ ছাড়া গ্লিসারিন ব্যবহার করেও দাগ উঠানো যায়। দাগের ওপর গ্লিসারিন লাগিয়ে ১ ঘণ্টা পর কাপড় ধুয়ে ফেলতে হবে। পোশাকের ঘামের দাগ তুলতে পানি আর বেকিং সোডার একটি পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর ঘামের দাগযুক্ত স্থানে পেস্টটি দিয়ে ঘণ্টাখানেক কাপড়টি ভিজিয়ে রাখতে হবে। ডিটারজেন্ট দিয়ে জায়গাটা একটু ঘষে নিলে দাগ চলে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত