মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিব-হাসিনার ছবি ভাঙচুর

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম

মুক্তিযোদ্ধারা কমপ্লেক্সে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন এমন অভিযোগ এনে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাঙচুর চালিয়েছেন বন্দর উপজেলা যুবদলের নেতাকর্মীরা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে মুক্তিযোদ্ধাদের দাবি, এখানে তারা কোনো মিটিং করছিলেন না। ইউএনও এবং থানার ওসি কমপ্লেক্স পরিদর্শনে এসেছিলেন বিধায় তারা সেখানে অবস্থান করছিলেন।

উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির বলেন, ‘ওসি সাহেব চলে যাওয়ার পর খবর পেলাম এখানে মিটিং হচ্ছে। তখন আমরা ভেতরে ঢুকতে চাইলে বাধা দেওয়া হচ্ছিল। আমরা জোর করে ভেতরে ঢুকে দেখতে পাই শেখ মুজিব ও হাসিনার অসংখ্য ছবি ঝোলানো। আমরা সবাই মিলে ছবি নামিয়েছি।’

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কাজী নাসির বলেন, ‘আমরা ইউএনও এবং ওসিকে কমপ্লেক্সটি পরিদর্শনের জন্য অনুরোধ করেছিলাম। উনারা চলে যাওয়ার পরপরই ভাঙচুরের ঘটনাটি ঘটে। তারা ভেতরে এসে সব ছবি ভাঙচুর করেন।’ ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা ছিল। সেখান থেকে মুক্তিযোদ্ধারা কমপ্লেক্সের চুরির ঘটনাটি জানিয়ে আমাদের কমপ্লেক্স পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে ছিলেন। আমরা ওখান থেকে আসার পর সেখানে ভাঙচুর হয়েছে শুনেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত