চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়িয়া সরকারী কলেজের বিদ্যুৎ কন্ট্রোল রুমের ভেতর থেকে মো. আজগর হোসেন (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোঃ আজগর হোসেন উপজেলার চন্দনাইশ পৌরসভার ৭নং ওয়ার্ড মির্জ্জির দোকান (খলিফা দীঘির পূর্ব পার্শ্বে লাল মিয়া সওদাগরের বাড়ী) এলাকার মোঃ নবী আলম প্রঃ লেদুর ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়রা গাছবাড়িয়া সরকারী কলেজের বিদ্যুৎ কন্ট্রোল রুমের ভেতর একটি অজ্ঞাতনামা মরদেহটি দেখতে পান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় যে, কলেজের বিদ্যুৎ কন্ট্রোল রুমের ভেতরে ক্যাবল জড়ানো অবস্থায় পঁচাগলা ও পোকায় ধরা অবস্থায় একটি পুরুষের মরদেহ পড়ে আছে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের লোকজনের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করা হয়।
মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মরদেহের প্যান্টের পকেট থেকে প্রাপ্ত মোবাইল ফোনের সিমের মাধ্যমে তার পরিচয় জানা সম্ভব হয়। নিহতের কাছ থেকে একটি প্লাস, একটি টেষ্টার, একটি সীমসহ নষ্ট বাটন ফোন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত মোঃ আজগর হোসেনের বিরুদ্ধে চন্দনাইশ থানার দুইটি চুরির মামলা রয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে নিহত আজগর বিদ্যুতের ক্যাবল চুরি করার উদ্দেশ্যে বিদ্যুৎ কন্ট্রোল রুমে ঢুকেছিল এবং বিদ্যুৎযুক্ত তার পায়ে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে কমপক্ষে ৪-৫ দিন আগে মৃত্যুবরণ করেছে।‘
