জরুরি ভিত্তিতে ঢাকায় ডাকা হলো কলকাতা ও ত্রিপুরার কূটনীতিককে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান উদ্ভূত পরিস্থিতি বুঝতে আলোচনা করার জন্য কলকাতা ও আগরতলা মিশনের দুই শীর্ষ কূটনীতিককে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। কলকাতার মিশনপ্রধান আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। ত্রিপুরার সহকারী হাইকমিশনারও আজ ঢাকায় ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র ও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপহাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান এবং ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমানকে গত মঙ্গলবার জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। কলকাতা থেকে আজ শিকদার মো. আশরাফুর রহমান ঢাকায় ফিরেছেন। ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমানও ঢাকার পথে রওনা হয়েছেন।

রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণা চালাতে থাকে। এতে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে ক্ষুব্ধ হন সেদেশের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের উগ্রপন্থিরা। সেখানকার বিভিন্ন স্থানে বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ হতে থাকে।

এর ধারাবাহিকতায় গত ২ ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দুত্ববাদী সমিতির সদস্যরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সহকারী হাইকমিশনের ভেতরে হামলা করে এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলে ও ছিঁড়ে দেয়। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় তারা। অন্যদিকে মুম্বাই ও কলকাতা হাইকমিশনের বাইরেও বিক্ষোভ করে হিন্দুত্ববাদীরা।

পরে নিরাপত্তা উদ্বেগের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলায় সহকারী হাইকমিশনের কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত