টেকনাফে অস্ত্রধারীদের ছুরিকাঘাতে নিহত ১, আহত ৫

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ এএম
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নতুন পল্লান পাড়া এলাকায় অস্ত্রধারীদের ছুরিকাঘাতে নাজির হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
 
আহতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার বাসিন্দার মো. সালাম, জাহাঙ্গীর আলম, নবী হোসেন, খোরশেদ আলম ও আলমগীর।
 
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮ টায় টেকনাফ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নতুন পল্লান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজির হোসেন টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার বাসিন্দা ফজল আহমদের ছেলে।
 
স্থানীয়রা জানান, টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহাজানের ছেলে মো. আরিফ (৩০) এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।
নিহত নাজির হোসেনের ভাইয়ের ছেলে আলভি বলেন, বিজল, সালামত উল্লাহ, নেতা সলিম, আরিফ, শফিক ও রিজুয়ানের নেতৃত্বে একটি অস্ত্রধারী সন্ত্রাসীদল তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তার চাচা নাজির হোসেন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। আরও কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
 
তিনি বলেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালিয়ে আইনের আওতায় আনার দাবি জানাই।
 
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ মুহাম্মদ শাহীদ বলেন, ছুরিকাঘাতে আহত নাজির হোসেনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত পান। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার বুকের ডান পাশে ছুরির আঘাত ছিল। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় নাজির হোসেন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩-৪ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সর্বশেষ সর্বাধিক পঠিত