সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয় ভীষণ জরুরি বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচে হারের পর আত্মবিশ্বাসী দলটির পেসার জাহানারা আলম জানিয়েছেন, ভুল শুধরে সিরিজে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে তাঁদের।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ১৯তম ওভারের ব্যাটিং ব্যর্থতায় জয় হাতছাড়া করে বাংলাদেশ। তবে দলের ব্যাটিং লাইনআপ থেকে ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন জাহানারা।
তিনি বলেছেন, ‘বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ সব সময়ই গর্বের বিষয়। প্রথম ম্যাচের ফল প্রত্যাশিত ছিল না। তবে দলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। চারজন ব্যাটার ভালো স্কোর করেছে, যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ইনশাআল্লাহ, সিরিজে আমরা ফিরতে পারবো।’
আগের ম্যাচের ভুলগুলো কাটিয়ে ওঠার পরিকল্পনায় ব্যস্ত বাংলাদেশের মেয়েরা। জাহানারা মনে করেন, আরও কয়েকজন ব্যাটার দায়িত্বশীল ইনিংস খেলতে পারলে বড় লক্ষ্য তাড়া করা সম্ভব।
তিনি আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টিতে সময় খুবই কম। এখানে প্রতিটি বল ধরে পরিকল্পনা করতে হয় এবং মনোযোগ ধরে রাখা জরুরি। যদি আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি এবং আইরিশদের টপ অর্ডারকে দ্রুত ফেরাতে পারি, তাহলে তাদের অল্প রানে আটকে রাখা সম্ভব। এভাবে ইতিবাচক ফল আনা যাবে।’
দলের শক্তি অনুযায়ী পারফর্ম করলে সিরিজে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন জাহানারা। বিশেষ করে ব্যাটিং লাইনআপে ইতিবাচক দিকগুলো ধরে রেখে বোলিং বিভাগেও ধারাবাহিকতা আনতে চান তারা।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। জয়ের লক্ষ্য নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা।
ক্রলির রেকর্ড, ব্রুকের ঝড়, কিউইদের বিপর্যয়
পাকিস্তানকে হারিয়ে ভারতের সঙ্গে ফাইনাল খেলবে বাংলাদেশ
দিয়াবাতের গোলে ১০ জনের মোহামেডানের কিংস জয়