গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশের দল রংপুর রাইডার্স। তবে ফাইনালের আগ মুহূর্তে বড় সংকটে পড়েছে ফ্র্যাঞ্চাইজি দলটি। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে গায়ানায় আগামীকাল ভোর ৫টায় ফাইনালে মাঠে নামার কথা রংপুরের। কিন্তু জাতীয় দলের তিন খেলোয়াড়কে ছাড়তে বলায় ফাইনালে তাদের অংশগ্রহণ নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।
৮ ডিসেম্বর রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতির জন্য সৌম্য সরকার, আফিফ হোসেন, ও রিশাদ হোসেনকে গ্লোবাল সুপার লিগ ফাইনালের আগে বাংলাদেশ দলে যোগ দিতে বলেছে বিসিবি।
এদিকে, রংপুরের একাদশে ন্যূনতম ছয় দেশীয় ক্রিকেটার রাখার বাধ্যবাধকতা রয়েছে। সাইফউদ্দিনের ইনজুরি ও তিন ক্রিকেটারের অনুপস্থিতিতে এই শর্ত পূরণ করা সম্ভব হবে না রংপুরের পক্ষে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে নতুন খেলোয়াড় পাঠানোর সুযোগও নেই।
ফাইনালের ভেন্যু গায়ানা থেকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু সেন্ট কিটসের দূরত্ব প্রায় ১ হাজার ৪৫০ কিলোমিটার। মাত্র একদিনের ব্যবধানে ফাইনাল খেলে এই পথ পাড়ি দিয়ে খেলোয়াড়দের ক্লান্ত হতে দিতে চায় না বিসিবি।
রংপুর রাইডার্সের জন্য এই সংকট শুধু ফাইনালে অংশগ্রহণের ব্যাপারে সীমাবদ্ধ নয়, এটি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভাবমূর্তির সঙ্গেও জড়িত। রংপুর ফাইনালে খেলতে না পারলে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ ও বিসিবির মধ্যে আলোচনা চলছে। তবে সময় স্বল্পতায় সমাধান আসবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
গ্লোবাল সুপার লিগের ফাইনাল আগামীকাল ৭ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টা। অন্যদিকে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৮টা। বিসিবির ছাড়পত্র ছাড়া রংপুরের ফাইনালে খেলা সম্ভব নয়। এখন দেখার বিষয়, দুই পক্ষের আলোচনা কোন সমাধানে পৌঁছায়। ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা, ফাইনালসহ সব দিকই যেন বাংলাদেশ ক্রিকেটের জন্য সম্মানজনকভাবে সমাধান হয়।
এই বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস দেশ রূপান্তরকে বলেন, ‘রংপুর রাইডার্স ক্রিকেটারদের জন্য ৫ ডিসেম্বর পর্যন্ত এনওসি চেয়েছিল। সেটার মেয়াদ শেষ হয়েছে। ফাইনালে খেলাতে হলে নতুন করে এনওসি নিতে হবে। তবে রংপুরের পক্ষ থেকে আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করেনি। গায়ানায় এখন মাত্র সকাল হয়েছে। তারা বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।’
রংপুর রাইডার্স স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম, ম্যাথু ফোর্ড, হারমীত সিং, ওয়েন ম্যাডসেন, জ্যাক চ্যাপেল।
নিজেদের ‘শক্তি অনুযায়ী’ খেলে আইরিশদের হারাতে চায় বাংলাদেশ
ক্রলির রেকর্ড, ব্রুকের ঝড়, কিউইদের বিপর্যয়
পাকিস্তানকে হারিয়ে ভারতের সঙ্গে ফাইনাল খেলবে বাংলাদেশ