নড়াইলে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আসামি বিল্লাল শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে বিল্লাল শেখকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
এদিন বিকালে নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। গ্রেপ্তার বিল্লাল শেখ নড়াইল সদর উপজেলার গোবরা এলাকার নওফেল শেখের ছেলে।
পুলিশ জানায় গত ২৩ নভেম্বর সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার গোবরা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বিল্লাল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। হাতকড়া পরিয়ে গাড়িতে করে থানায় নেওয়ার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেয় আসামির লোকজন। পরে পুলিশ সদস্যদের ওপর হামলা করে হাতকড়া পরিহিত আসামি বিল্লালকে ছিনিয়ে নিয়ে যায়।
পরদিন আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় নড়াইল সদর থানায় একটি মামলা হয়। এরপর তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। একপর্যায়ে শুক্রবার ভোরে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার কুনিয়া তারাগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওসি সাজেদুল ইসলাম জানান, অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া ওই আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে নড়াইল সদর থানায় আনা হয়। এর আগে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার এবং পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেওয়া মোটরসাইকেল দু’টিও জব্দ করা হয়।
আইনজীবীরা সংবিধানের প্রথম সারির রক্ষক: প্রধান বিচারপতি