সেই হারিয়ে যাওয়া সৌম্য সরকার এখন টুর্নামেন্টসেরা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ এএম

বাংলাদেশের ক্রিকেট থেকে প্রায় হারিয়েই গিয়েছিলেন সৌম্য সরকার। একটা সময় তো ঢাকা প্রিমিয়ার লিগের একাদশেও সুযোগ পেতেন না। চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের কোচ হওয়ার পর তার ‘প্রিয় শিষ্য’ সৌম্যকে আবারও ফিরিয়ে আনেন। তারপর থেকেই দেখা যাচ্ছে অন্য এক সৌম্যকে, যিনি আগের মতোই বিধ্বংসী, ভয়ডরহীন, এবং ম্যাচ উইনার। তারই পুরস্কার মিলল গ্লোবাল টি-টোয়েন্টি লিগে।

আজ শনিবার শেষ হওয়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। বাংলাদেশের দলটিকে চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় অবদান সৌম্য সরকারের। ৫৪ বলে ৭ চার ৫ ছক্কায় খেলেছেন অপরাজিত ৮৬ রানের ইনিংস। ম্যাচ এবং টুর্নামেন্টসেরার পুরস্কার উঠেছে সৌম্যর হাতেই। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম্য ৫ ইনিংসে ৪৭ গড় এবং ১৪২.৪২ স্ট্রাইক রেটে করেছেন ১৮৮ রান। ফিফটি দুটি।

ওপেনিংয়ে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিতে সৌম্যর জুড়ি ছিল না। পুরো টুর্নামেন্টে চার মেরেছেন ১৭টি, ছক্কা ৯টি। তার দুটি ফিফটিই এসেছে ভিক্টোরিয়ার বিপক্ষে। একটি ফাইনালে এবং অপরটি লিগ পর্বে। সেই ম্যাচে অবশ্য ১০ রানে হেরেছিল রংপুর। তবে ফাইনালে সৌম্যই হয়ে উঠলেন সেরাদের সেরা। তার এই দারুণ ফর্ম জাতীয় দলের জন্যও সুখবর। সৌম্যর পরবর্তী মিশন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত