ভারত প্রতিশ্রুতি দিলেও সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে: জামায়াত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ শনিবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ৬ ডিসেম্বর ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড় সদর উপজেলায় আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি যুবককে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এ অন্যায় হত্যাকাণ্ডের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায়। ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও অন্যায় হত্যাকাণ্ড ক্রমাগতভাবেই বাড়ছে। ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা বারবার ঘটলেও একটি হত্যাকাণ্ডেরও তদন্ত ও বিচারকাজ সম্পন্ন হয়নি। ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের অন্যায় হত্যাকাণ্ডের বিচার না হওয়া খুবই উদ্বেগজনক।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ সব সময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা করব ভারত সরকার ভারত-বাংলাদেশ সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধ করবে। ভারত-বাংলাদেশ সীমান্তে সকল বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনার জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবি করছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত