সেলিমা রহমান

বিএনপির ত্যাগী কর্মীরা চাঁদাবাজি করতে পারে না

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান দলীয় নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে, তারা কোনোভাবেই দলের প্রকৃত কর্মী নয়। তিনি বলেন, ‘বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা কখনো চাঁদাবাজি করতে পারে না। যারা এমন অপকর্ম করছে, তারা অনুপ্রবেশকারী। এদের চিহ্নিত করে প্রশাসনের কাছে ধরিয়ে দিন।’

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর বান্দরোডস্থ জেলা শিল্পকলা একাডেমিতে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ ত্যাগের কথা তুলে ধরে বলেন, ‘গত ১৭ বছর ধরে বিএনপির কর্মীরা অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছে। তাদের বাড়িঘর ছাড়া হতে হয়েছে, জেল খাটতে হয়েছে। আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। এ ধরনের ত্যাগী নেতাকর্মীরা কখনোই চাঁদাবাজি বা অন্য কোনো অসৎ কাজে জড়াতে পারে না। বরং সাবধান থাকতে হবে দলের মধ্যে যেন অনুপ্রবেশকারী ঢুকতে না পারে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের দুঃশাসন ও নিপীড়নের ফলে বরিশালসহ সারা দেশে কেউ শান্তিতে থাকতে পারেনি। আমাদের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে, অনেককে গুম করা হয়েছে। এই ভয়ানক দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে বিএনপি আজকের অবস্থানে এসেছে।’

সেলিমা রহমান বলেন, ‘স্বৈরশাসক শেখ হাসিনাকে বিএনপির ত্যাগ ও আন্দোলনের মাধ্যমেই ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছে। কিন্তু তার দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’

বিএনপির নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা দিয়ে তিনি বলেন, ‘দেশ সংস্কারের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে প্রতিটি ঘরে যেতে হবে। মানুষকে বুঝাতে হবে বিএনপির ৩১ দফা কর্মসূচি। চায়ের দোকানে, পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন। খুব সহজ ভাষায় তাদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ম কুদ্দুসুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন এবং বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক নান্নু প্রমুখ।

এ সময় সেলিমা রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা কঠিন সময় পেরিয়ে এসেছি। এখন আমাদের দায়িত্ব হলো মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনে, বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের কর্মসূচি তাদের সামনে তুলে ধরা।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত