বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি) পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দল।
সোমবার (৯ ডিসেম্বর) ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।
ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. এমদাদুল হক এবং পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী।
ইউজিসির প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল হিসেবে ব্যবহারের জন্য সম্ভাব্য ভবন ও ফ্ল্যাটসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। এ ছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ক্লাসরুম পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. অলক কুমার সাহা, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, প্রক্টর ড. মো. মুছা খান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. রফিকুল আলম, উপপরিচালক মো. আরাফাত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
