আসাদের পতনের পর সিরিয়ায় ৩ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ এএম

ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাজধানী দামেস্কসহ সিরিয়াজুড়ে শত শত বিমান হামলা চালিয়েছে বলে জানা গেছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ৩১০টিরও বেশি হামলা চালানোর তথ্য তারা নথিভুক্ত করেছে।

এদিকে সিরিয়ার নৌবহরে হামলা দায় স্বীকার করেছে ইসরায়েল। সংবাদমাধ্যম বিবিসি জানায়, এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন— আইডিএফের লক্ষ্য হচ্ছে ‘ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠা কৌশলগত সক্ষমতা ধ্বংস করা’। সিরীয় নৌবহরকে ধ্বংস করার অভিযান ‘বড় সাফল্য’ বলে অভিহিত করেছেন তিনি।

সিরিয়ার লাতাকিয়া বন্দরে বিস্ফোরণের ভিডিও যাচাই করে বিবিসি জানিয়েছে, ফুটেজে জাহাজ ও বন্দরের কিছু অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে।

এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) উদ্দেশ্যে বলেছেন, তারা যদি ইরানকে ‘সিরিয়ায় পুনঃপ্রতিষ্ঠা’ করার সুযোগ দেয় তবে ইসরায়েল ‘কঠোর জবাব’ দেবে।

এদিকে, আইডিএফ নিশ্চিত করেছে, সিরিয়া ও ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির মধ্যবর্তী বাফার জোনের বাইরেও সিরিয়ার ভূখণ্ডে তাদের সেনা মোতায়েন রয়েছে।

এসওএইচআর জানিয়েছে, আলেপ্পো, দামেস্ক ও হামায় হামলা চালানো হয়েছে এবং সোম থেকে মঙ্গলবারের মধ্যে রাতভর ৬০টিরও বেশি হামলা হয়েছে। তারা অস্ত্রের গুদাম, গোলাবারুদের গুদাম, বিমানবন্দর, নৌঘাঁটি এবং গবেষণা কেন্দ্রসহ সিরিয়ার সেনাবাহিনীর সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত অনেক স্থাপনা শুধু ক্ষতিগ্রস্থই হয়নি, বরং পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এসওএইচআরের প্রতিষ্ঠাতা রামি আবদুল রহমান এই হামলার প্রভাবকে ‘সিরিয়ার সেনাবাহিনীর সব ক্ষমতা ধ্বংস’ করা বলে বর্ণনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত