৭ মাস আগেই ভারত-ইংল্যান্ড টেস্টের টিকিট শেষ!

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম

আগামী বছরের মাঝামাঝি সময়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারতের জাতীয় ক্রিকেট দল। সাত মাস আগেই সেই ম্যাচ নিয়ে শুরু হয়েছে উন্মাদনা। ইন্ডিয়া টুডে দাবি করেছে, ইতোমধ্যেই নাকি সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম চার দিনের টিকিট শেষ হয়ে গেছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরপর ২০২৫ সালের ওই সফরে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট হবে ২০ জুন হেডিংলিতে। এরপর ২ জুলাই থেকে এজবাস্টনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রায় দেড় মাসের এই সফর চলবে ৪ আগস্ট পর্যন্ত। সিরিজের বাকি ম্যাচগুলো হবে লর্ডস, ম্যানচেস্টার এবং লন্ডনের ওভালে।

সূত্রমতে, এজবাস্টন টেস্টের টিকিটের দাম ধার্য করা হয়েছে ২৫ পাউন্ড থেকে ২৯৯ পাউন্ড পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৪ হাজার থেকে ৪৫ হাজার ৬শত টাকা পর্যন্ত খরচ করতে হবে। প্রতিবেদন মতে, এই টেস্টের পঞ্চম দিনের টিকিই শুধু পড়ে আছে। উল্লেখ্য, এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে ভারত।

এর আগেও এজবাস্টনে আয়োজিত টেস্ট ঘিরে দর্শকদের মধ্যে বেশ উন্মাদনা লক্ষ্য করা গেছে। সাম্প্রতিক কালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের প্রথম ৩ দিনের টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল। তবে প্রথমবারের মতো অ্যাশেজের বাইরে কোনো টেস্টের প্রথম চার দিনের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। ২০২২ সালে এই ভেন্যুতে খেলা নিজেদের সর্বশেষ টেস্টে হেরেছিল ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত