টেস্টের বিশ্বসেরা ব্যাটসম্যান এখন হ্যারি ব্রুক

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম

হ্যারি ব্রুকের ক্যারিয়ারে এখন বসন্ত। ব্যাট হাতে বাইশ গজে নামলেই রানের বন্যা বয়ে যাচ্ছে। ইংল্যান্ডের এই তারকা ব্যাটার পুরস্কারও পেয়েছেন হাতেনাতে। আইসিসি র‍্যাঙ্কিংয়ে ব্রুকই এখন টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। আজ বুধবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তিনি প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করলেন।

সদ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের দুই ইনিংসে ১২৩ ও ৫৫ রান করে দলকে ৩২৩ রানে জয় এনে দিয়েছেন ব্রুক। ম্যাচ শেষে ব্রুককে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়ের তকমা দিয়েছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক জো রুট। সেই রুটের শীর্ষস্থান কেড়ে নিয়েই ব্রুক উঠলেন র‍্যাঙ্কিংয়ের চুড়ায়, তাও মাত্র ১ পয়েন্টের ব্যবধানে। ব্রুকের পয়েন্ট এখন ৮৯৮, রুটের ৮৯৭।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে ৯১ রানের ইনিংস খেলে ২১ ধাপ এগিয়ে উঠেছেন ৬৩ নম্বরে উঠে এসেছেন জাকের আলী। এছাড়া সাদমান ইসলাম ২৩ ধাপ এগিয়ে আছেন ৭৪ নম্বরে। টেস্ট বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের যশপ্রীত বুমরা। বাংলাদেশের বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়ে ২১ নম্বরে এসেছেন তাইজুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত