নিজ দলের ম্যাচ থাকায় জিসানের তাণ্ডব দেখেননি তার বাবা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম

বাংলাদেশের ক্রিকেটে নতুন এক সম্ভাবনার নাম জিসান আলম। যে দেশে হার্ডহিটারের অভাব, সেখানেই জিসান নতুন স্বপ্ন দেখাচ্ছেন। এনসিএল টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেই ৫৩ বলে ১০ ছক্কায় ১০০ রানের দাপুটে ইনিংস। জিসানের বাবা সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলম এনসিএলে কোচিং করাচ্ছেন। নিজ দলের খেলা থাকায় ছেলের ব্যাটিং দেখতে পারেননি। তবে জিসানের এই বিধ্বংসী সেঞ্চুরিতে তিনি ভীষণ গর্বিত।

চলতি এনসিএল টি-টোয়েন্টিতে সিলেটের হয়ে খেলেছেন জিসান আলম। আজ সেঞ্চুরি হাঁকালেও দলকে অবশ্য জেতাতে পারেননি। অন্যদিকে জাহাঙ্গীর আলম হলেন ঢাকা মেট্রোর কোচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিসান যখন একের পর এক ছক্কা মারছিলেন, ঠিক পাশের একাডেমি মাঠেই বরিশাল বিভাগের বিপক্ষে ম্যাচ দেখছিলেন ঢাকা মেট্রোর সহকারী কোচ জাহাঙ্গীর আলম।

ম্যাচ শেষে বিসিবিকে দেওয়া এক সাক্ষাতকারে জাহাঙ্গীর আলম জানান ছেলের সেঞ্চুরি নিয়ে তার অনুভূতির কথা, ‘আমি পাশের মাঠে ছিলাম। টিম ম্যানেজারের থেকে স্কোর জানছিলাম। পঞ্চাশ পর্যন্ত জানতে পেরেছি, পরে ব্যস্ততার কারণে আর আপডেট নেওয়া হয়নি। এরপর শুনলাম একশ রান করেছে। খুব ভালো লেগেছে। ছোটবেলা থেকেই আমি ওকে শিখিয়েছি, খুব ভালো লেগেছে।’

ছেলের ক্রিকেটার হওয়ার প্রক্রিয়া নিয়ে জাহাঙ্গীর বলেন, ‘ছোটবেলা থেকেই ও দেখে আসছে আমাকে ক্রিকেট খেলতে। এভাবে ওর মধ্যে আগ্রহ জন্মায়। আমিও ওকে দেখে বুঝতে পারি যে ওর মধ্যে ক্রিকেটার হওয়ার ট্যালেন্ট আছে। এরপর থেকেই ওকে ক্রিকেটার বানানোর মিশনে নামি। ঘরেই ও মেন্টর পেয়ে যায়। ওর বন্ধুরাও আসে বাড়িতে। সবাই ক্রিকেট খেলে। বাড়িতে সারাক্ষণ ক্রিকেট নিয়েই আলোচনা হয়। বাড়ির সামনেই মাঠ। এটাও বড় সুবিধা।’

অনেকের মতে, জিসানের জাতীয় দলে খেলা এখন স্রেফ সময়ের ব্যাপার। ছোটবেলা থেকে ক্রিকেটের সঙ্গে এই যাত্রার পুরো কৃতিত্বই বাবাকে দিলেন জিসান, ‘পুরো ক্রেডিট বাবাকেই দেব। কারণ ছোটবেলা থেকে ব্যাট ধরা থেকে শুরু করে পুরোটা বাবাই আমাকে এতদূর নিয়ে এসেছে। তিনি সবরকম সাপোর্ট দিয়েছেন। হাতে কাজ না থাকলেই আমাকে অনুশীলন করাতেন। নিজেই বল থ্রো করতেন, ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং করতাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত